বেনাপোল কাস্টম হাউসে জব্দ করা ২২৪ কেজি ভারতীয় কাতলা মাছের প্রকাশ্য নিলাম সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে বেনাপোল স্থলবন্দরের বিজিবি সাইট গুদামে অনুষ্ঠিত এ নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে ঊষা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আতাউর রহমান। নিলাম কার্যক্রম পরিচালনা করেন কাস্টমসের নিলামকারী মোস্তাফিজুর রহমান।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ঝুলপদ্দর এলাকার ৩১ নম্বর ইয়ার্ডে সংরক্ষিত সি-০৫০৮৮ নম্বর বিল অব এন্ট্রির (বি/ই) বিপরীতে আটক ও বাজেয়াপ্ত ২২৪ কেজি ভারতীয় কাতলা (চিলড) মাছ প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
নিলামে অংশগ্রহণকারী দরদাতারা কাস্টমসের নির্ধারিত শর্ত অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন। পরে বিধি অনুযায়ী দরপত্র মূল্যায়ন শেষে সর্বোচ্চ দর প্রদানকারী প্রতিষ্ঠান ঊষা এন্টারপ্রাইজকে নিলামপ্রাপ্ত ঘোষণা করা হয়।
কাস্টমসের নীতিমালা অনুযায়ী, নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উদ্ধৃত মূল্যের ২০ শতাংশ জামানত জমা দিতে হবে। একই সঙ্গে বিক্রয় মূল্যের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট এবং সরকারি বিধি অনুযায়ী অন্যান্য কর ও শুল্ক পরিশোধ করতে হবে।
বেনাপোল কাস্টম হাউসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস মো. রাহাত হোসেন স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তির আলোকে সম্পূর্ণ নিলাম কার্যক্রম স্বচ্ছতা ও প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।




















