হশার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন— উপজেলার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) এবং একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)।
শনিবার (১৮ জুলাই) সকালে শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার আসর চলছিল। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সামাউল ইসলাম ও সেলিম রহমানকে হাতেনাতে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থল তল্লাশি করে জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মাদুর, ৫২টি তাসের একটি সম্পূর্ণ সেট এবং নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুয়া খেলার অপরাধে আটক দুইজন এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















