নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ফলে যেসব যোগ্য নাগরিক এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে।
খসড়া তালিকায় কোনো ব্যক্তির নাম বাদ পড়লে অথবা তথ্যে ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। যাচাই-বাছাই শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।




















