যশোরের কেশবপুর উপজেলার অফিসপাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল একটি ফ্ল্যাটের তালা ও আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ লক্ষাধিক টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে গৃহকর্তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ডাকাতরা। এতে তিনি আহত হন এবং বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসপাড়া এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন আবুল কালাম ও তাঁর স্ত্রী। তাঁদের বড় ছেলে ঠিকাদার মোখলেছুর রহমান মুকুল পরিবার নিয়ে ভবনের চতুর্থ তলায় থাকতেন। গত বৃহস্পতিবার তিনি সপরিবারে বিদেশে বেড়াতে যাওয়ায় ফ্ল্যাটটি ফাঁকা ছিল।
সোমবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে একদল দুর্বৃত্ত ফাঁকা ফ্ল্যাটে প্রবেশ করে। তারা ফ্ল্যাটের তালা ও আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ লক্ষাধিক টাকা এবং মূল্যবান কাগজপত্র লুট করে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে আবুল কালামের স্ত্রী চিৎকার করলে ডাকাতরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তাঁর হাতে গুরুতর আঘাত লাগে।
জনাকীর্ণ এলাকায় দিনের বেলায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।





















