যশোর সদর উপজেলার সাজিয়ালী মোল্লাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে রাজিয়া খাতুন নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে মুন্না হোসেন তার শ্বশুরবাড়ি সাজিয়ালী মোল্লাপাড়া এলাকায় গিয়ে রাজিয়া খাতুনের ওপর হামলা চালান।
অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে মুন্না হোসেন হাতুড়ি দিয়ে রাজিয়া খাতুনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান স্থানীয়রা।
ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত আহত রাজিয়া খাতুনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পারিবারিক সহিংসতার এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে কিনা, সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















