খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আজিজুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন যুবক রাঙ্গামারি এলাকায় আজিজুলকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে অন্য একটি সূত্রের দাবি, স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের গলার ডান পাশে এবং পিঠে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও উল্লেখ করেন, “ঘটনাস্থলটি বেশ নির্জন। ধারণা করা হচ্ছে, আজিজুলকে অন্য কোনো স্থান থেকে তুলে এনে এখানে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এটি পূর্ব শত্রুতা বা অভ্যন্তরীণ কোন্দলের জের হতে পারে বলে আমরা সন্দেহ করছি।”
পুলিশ বর্তমানে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।
১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
শিরোনাম:
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- ৫০৫
সর্বাধিক পঠিত




















