তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় চাপে পড়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি-এর দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)।
এই পরিস্থিতিতে সংখ্যাতত্ত্বের জট ছাড়াতে আজ ফের রাজ্যপাল আর এন রবি-এর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিজয়। এর আগে বুধবার প্রথম দফার বৈঠকে রাজ্যপাল তার নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় প্রকাশ করেন বলে জানা গেছে। এতে সরকার গঠনের প্রক্রিয়া সাময়িকভাবে থমকে যায়।
পূর্বপরিকল্পনা অনুযায়ী আজই বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। তবে বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (১১৮ আসন) প্রমাণ করতে না পারায় সেই অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে।
বর্তমানে টিভিকে জোট প্রয়োজনীয় সংখ্যার চেয়ে মাত্র কয়েকটি আসন পিছিয়ে রয়েছে। কংগ্রেসের হাতে থাকা পাঁচটি আসনের সমর্থন পেলে জোটের অবস্থান শক্ত হবে বলে আশা করছে বিজয় শিবির।
এছাড়া ছোট আঞ্চলিক দলগুলোর দিকেও নজর দিয়েছে টিভিকে। ডিএমকে জোটভুক্ত বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)-র দুটি আসন এবং বিজেপির সহযোগী পিএমকে-র চারটি আসন ঘিরে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
একইসঙ্গে বাম দল সিপিআই এবং সিপিআই(এম)-এর চারটি আসনের সমর্থন পেতেও তৎপরতা চালাচ্ছে টিভিকে শিবির। বাম দলগুলো আজ বিকেলের মধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করতে পারে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিসিকে, বাম দল এবং কংগ্রেস শেষ পর্যন্ত টিভিকে-কে সমর্থন দিলে জোটের মোট আসন সংখ্যা দাঁড়াতে পারে ১১৯, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে সামান্য বেশি হবে। এতে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ খুলে যেতে পারে।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। অন্যদিকে এআইএডিএমকে-র সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চললেও দলটির প্রধান এডাপ্পাড়ি কে পালানিস্বামী স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি বিজয়ের দলকে সমর্থন করবেন না।
সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তায় ঘেরা, আর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।




















