নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
আগামী ৮ মে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের এই সম্মাননা প্রদান করা হবে। একইসঙ্গে পুরো অনুষ্ঠানজুড়ে তাদের স্মরণে বিশেষ শ্রদ্ধা জানানো হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, গ্র্যাজুয়েশনের প্রতিটি পর্ব শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। এছাড়া অনুষ্ঠানে ৩৫৩ জন ডক্টরেট ডিগ্রি প্রাপকের মধ্যে বৃষ্টি ও লিমনের সম্মানে মঞ্চে দুটি খালি চেয়ার রাখা হবে, যেখানে তাদের নামসহ রেগালিয়া (গ্র্যাজুয়েশন পোশাক) প্রদর্শিত থাকবে।
৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে অবহিত করে। একই সঙ্গে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আজ (৬ মে ২০২৬) দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আগামীকাল ৭ মে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মরদেহ দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে শিক্ষার্থীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা হিসেবে দেখা হচ্ছে।




















