যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকায় অবস্থিত দরগাহ ফিলিং স্টেশনে সিগারেট জ্বালাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্টেশনের কর্মচারী ইসমাইল গুরুতর দগ্ধ হয়েছেন।
ফিলিং স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৪ এপ্রিল) বিকেলে ডিপো থেকে ট্যাংকলরিতে করে জ্বালানি তেল আসে এবং তা সংরক্ষণাগারে নামানোর কাজ চলছিল। এ সময় নজেলম্যান ইসমাইল কাজের ফাঁকে পাশের এলাকায় গিয়ে সিগারেট জ্বালান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সিগারেট জ্বালানোর মুহূর্তেই তার পরনের গেঞ্জিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, তেল নামানোর সময় তার শরীর বা পোশাকে জ্বালানি তেল লেগে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সংরক্ষণাগারের আশপাশেও তা ছড়িয়ে পড়ে।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোজাহার আলী জানান, ঘটনার সময় সিসিটিভি ফুটেজেও দেখা যায় ইসমাইল কাজের মাঝখানে সিগারেট জ্বালাতেই আগুন ধরে যায় এবং তিনি দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গুরুতর আহত ইসমাইলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় ফিলিং স্টেশনের সংরক্ষণাগারে থাকা কিছু জ্বালানি তেল ও আশপাশের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।




















