যশোর শহরে যুবলীগের ব্যানারে আবারও বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক। মঙ্গলবার সকালে শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাঠালতলা রায়পাড়া এলাকার বজুল খলিফার ছেলে শাহাদৎকে আটক করেছে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এর আগে শহরের গরীবশাহ রোডে মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি শাহাদৎ। মঙ্গলবার অনুষ্ঠিত মিছিলেও তাকে দেখা গেছে বলে জানায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান জানান, আটক শাহাদৎকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মিছিলটির আয়োজনে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও ফুটেজে এ দাবি উঠে আসে। এছাড়া আনোয়ার হোসেন বিপুল নিজেও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।




















