যশোরে পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ হাসানুল বান্না নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং তার পিতার নাম রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল যশোরের একটি মোবাইল শোরুম ‘মোবাইল প্লাজা-২’ থেকে বান্না দুটি মোবাইল ফোন নেন। এ সময় তিনি নিজেকে পুলিশের এসআই হিসেবে পরিচয় দেন। পরে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করবেন বলে জানিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ক্রেতাদের ভিড়ের সুযোগ নিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর শোরুমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়। এমনকি ক্যাশ মেমোতেও তিনি নিজের পরিচয় পুলিশের এসআই হিসেবে উল্লেখ করেছিলেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে শুক্রবার এমকে রোড এলাকা থেকে বান্নাকে আটক করেন। এ ঘটনায় রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের আরেকটি সূত্র জানায়, বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন।


















