যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—যশোর সদর উপজেলার ভেকুটিয়া কারিগরপাড়ার শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, সুজলপুরের রফিক উদ্দিনের ছেলে সুমন, সুমনের ছোট ভাই ইমন এবং ভেকুটিয়ার মৃত সলেমান দফাদারের ছেলে শাহাজাহান।
এর আগে বুধবার দিনভর ও সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে নতুন করে আটক হওয়া চারজনকেও একই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ও রাতে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে দাবি করা হয়।
পরবর্তীতে একই পেজে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে যুবলীগের কর্মসূচি পরিচালনার দাবি করা হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে। কোতোয়ালি থানা পুলিশ ও ডিবির সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে গোপন কার্যক্রম ও মিছিল-সমাবেশে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, তদন্ত শেষে মোট ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
–




















