যশোরে প্রথমবারের মতো আধুনিক ও আন্তর্জাতিক মানের একটি অথেনটিক কফি বার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার বিকেলে শহরের সুপরিচিত গ্র্যান্ড দরবার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন এই কফি বারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্যাভিনেতা সাইদুর রহমান পাভেল। তিনি ফিতা কেটে এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে কফি বারের উদ্বোধন করেন। এ সময় তিনি যশোরে এমন একটি আধুনিক কফি বারের সূচনাকে স্বাগত জানান এবং এটিকে শহরের আতিথেয়তা ও বিনোদন খাতে একটি ইতিবাচক সংযোজন হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর টেপ টেনিস পলিসি মেকার রেজাউল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টি-স্পোর্টসের ধারাভাষ্যকার শাহ আনাম, মেজর জামান, মেজর সালেহ পায়েল এবং গ্র্যান্ড দরবারের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন দিলসান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সংস্কৃতিমনা ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। অতিথিরা নতুন এই কফি বারের মনোরম পরিবেশ, আধুনিক সাজসজ্জা, উন্নত সেবার মান এবং আন্তর্জাতিক স্বাদের কফির প্রশংসা করেন। আয়োজকরা জানান, যশোরবাসীকে বিশ্বমানের কফি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, কফিপ্রেমীদের জন্য এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কফি, বিশেষ পানীয় এবং আড্ডার উপযোগী একটি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ফলে এটি খুব দ্রুতই যশোরের তরুণ প্রজন্ম, পরিবার এবং কফিপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, গ্র্যান্ড দরবারের এই নতুন সংযোজন যশোরের খাদ্য, আতিথেয়তা ও বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করবে এবং শহরের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে।




















