যশোরের শার্শার বেনাপোলে তারেক রহমান-এর আগমন উপলক্ষে পথসভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নূর শপিং মহলের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে নেতার আগমনকে স্বাগত জানান এবং কর্মসূচি সফল করার আহ্বান জানান।
মিছিল শেষে নূর শপিং মহলের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ স্থানীয় ও জেলা পর্যায়ের আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। তারা আশা প্রকাশ করেন, এ সফর শার্শা উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।
সভা শেষে নেতারা আগামীর কর্মসূচি সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।




















