দীর্ঘদিন ধরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ না পাওয়ার প্রতিবাদে যশোরের ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শতাধিক এলাকাবাসী জোনাল কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে অনিয়মিত ও নিম্নমানের বিদ্যুৎ সরবরাহের কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ জমে ছিল। বারবার অভিযোগ জানিয়েও কার্যকর সমাধান না পাওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় চার বছর আগে বিদ্যুতের লাইন পরিবর্তনের পর থেকেই তারা স্বাভাবিক বিদ্যুৎ পাচ্ছেন না। ফিডার পরিবর্তন ও ফেজজনিত সমস্যার কারণে দিনের পর দিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গরমের এই সময়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ সমস্যায় নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তাদের দাবি, একই পৌরসভার অন্যান্য ওয়ার্ডে এমন সমস্যা না থাকলেও ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত ফিডার বা ফেজ পরিবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চান।
খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং শান্ত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
এ সময় ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখেন।
এ বিষয়ে ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম কাদির বলেন, সমস্যাটি মূলত প্রযুক্তিগত। দ্রুত একটি কারিগরি দল পাঠিয়ে বিষয়টি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সামগ্রিকভাবে বিদ্যুতের ওপর চাপ কিছুটা বেশি। তারপরও গ্রাহকদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
*দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে ঝিকরগাছায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভে এলাকাবাসী*
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- ৬০০
সর্বাধিক পঠিত





















