ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের মুখে কোনোভাবেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের পরিস্থিতিতে আলোচনা মানে আত্মসমর্পণের পথ তৈরি করা।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে উদ্দেশ করে বলেন, তিনি ভুল ধারণার ভিত্তিতে পরিস্থিতি ব্যাখ্যা করছেন এবং চাপ প্রয়োগের মাধ্যমে আলোচনাকে ভিন্ন পথে নিতে চাইছেন।
গালিবাফ অভিযোগ করেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে। তার দাবি, গত দুই সপ্তাহে নৌ অবরোধ আরোপ এবং ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও বলেন, “হুমকির ছায়ায় কোনো আলোচনা আমরা গ্রহণ করি না।” একই সঙ্গে সতর্ক করে দিয়ে জানান, পরিস্থিতি মোকাবিলায় ইরান ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে এবং প্রয়োজনে নতুন কৌশল গ্রহণ করা হবে।
এদিকে তেহরান ও ওয়াশিংটন-এর মধ্যে সম্ভাব্য নতুন দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমুদ্রপথে উত্তেজনা বৃদ্ধি ও পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ইরানের সামরিক ও কূটনৈতিক মহলও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো ধরনের উত্তেজনা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে। তবে ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, এ ধরনের চাপের মুখে তারা কোনআলোচনায় অংশ নেবে না।
সব মিলিয়ে, দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধানের পথ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
সূত্র : প্রেসটিভি




















