ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, মোট ১৩ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং জোটের অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন স্থান পেয়েছেন।
জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন—
নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
জোটের অন্যান্য শরিক ও বিশেষ ক্যাটাগরি থেকে মনোনীত প্রার্থীরা হলেন—
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু;
জাগপা-এর চেয়ারম্যান তাসমিয়া প্রধান;
বাংলাদেশ খেলাফত মজলিস-এর নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম;
এছাড়া বিশেষ বিবেচনায় মনোনয়ন পেয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পটভূমির নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
তারা আশা প্রকাশ করেছে, মনোনীত প্রার্থীরা সংসদে নারীর অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কার্যকর ভূমিকা রাখবেন।




















