রাজধানীর রমনা মডেল থানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম এ জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, ‘Gen Z (FS Gaming)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি বানোয়াট ফটোকার্ড ছড়ানো হচ্ছে। ওই ফটোকার্ডে প্রতিমন্ত্রীর বরাতে দাবি করা হয়—
গতকাল রাতে আমি অন্তত ১০টি পাম্পে গিয়েছি। কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি।”
তবে জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী এমন কোনো বক্তব্য দেননি এবং তিনি গত রাতে কোনো তেল পাম্পও পরিদর্শন করেননি।
জানা গেছে, সংশ্লিষ্ট দিনে প্রতিমন্ত্রী চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে বিকেলে ঢাকায় ফিরে আসেন। ফলে ফটোকার্ডে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
জিডিতে অভিযোগ করা হয়, প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দেশের জ্বালানি খাতের সাফল্য নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করতেই পরিকল্পিতভাবে এই ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।




















