স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। নিথর দেহে, কফিনবন্দী হয়ে দেশে ফিরলেন ৩৪ জন প্রবাসী বাংলাদেশি। একদিনেই এতগুলো মরদেহ দেশে পৌঁছানোয় শোকের ছায়া নেমে এসেছে অসংখ্য পরিবারে।
শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসীর মরদেহ এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম।
একই দিনে পৃথক আরেকটি প্রক্রিয়ায় আরও ৪ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এর মধ্যে মালয়েশিয়া থেকে ২ জন এবং লিবিয়া থেকে আরও ২ জনের মরদেহ দেশে পৌঁছায়।
প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কূটনৈতিক জটিলতার কারণে কুয়েতগামী একাধিক ফ্লাইট বাতিল হয়। ফলে মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে আনা হয়।
একদিনে এত সংখ্যক প্রবাসীর মরদেহ দেশে ফেরায় পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে গভীর শোক ও হতাশা। যারা জীবিকার সন্ধানে বিদেশে গিয়েছিলেন, তাদের এমনভাবে কফিনবন্দী হয়ে ফিরে আসা স্বজনদের জন্য এক হৃদয়বিদারক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।




















