দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে পরীক্ষাটি নেওয়া হবে।
রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় কেন্দ্র পরিচালনা ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিস্তারিত করণীয় তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্দেশনা অনুযায়ী, ভর্তির ওয়েবসাইট থেকে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র সচিবকে পরীক্ষার্থীদের নামের তালিকা ডাউনলোড করতে হবে। এরপর গ্রুপভিত্তিক আসন বিন্যাস করতে হবে এবং প্রতিটি আসনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করতে হবে।
প্রতিটি পরীক্ষাকক্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—এই তিন গ্রুপের শিক্ষার্থীদের আসন সংখ্যা ১০-এর গুণিতকে রাখতে বলা হয়েছে। কোনো কেন্দ্রে পর্যাপ্ত জায়গা না থাকলে নিকটবর্তী সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে আসন বিন্যাস প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।
পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্রে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখমণ্ডল মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্সির মাধ্যমে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
এছাড়া, পাশাপাশি বসা পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দেওয়া হবে। প্রতিটি গ্রুপের জন্য দুটি করে প্রশ্নপত্র সেট প্রস্তুত রাখা হয়েছে। পরীক্ষার্থীদের ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ করতে হবে। কোনো পরীক্ষার্থী যদি ওএমআর শিটে সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখে, তবে তার উত্তরপত্র বাতিল করা হবে।
কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।
পরীক্ষা শেষে উত্তরপত্র (ওএমআর শিট) ও হাজিরাপত্র সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। ডাক বা কুরিয়ার সার্ভিসে পাঠানোর সুযোগ থাকবে না।
এদিকে, প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১২৫ টাকা হারে কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে জমা দিতে হবে।
সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কেন্দ্র কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।





















