যশোরের বেনাপোল-এ বিজিবির একটি থ্রি-টন ট্রাকের ধাক্কায় মো. রোমান (২১) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান বেনাপোল এলাকার সুমন শেখের ছেলে বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির একটি থ্রি-টন ট্রাক (সুনামগঞ্জ-উ ১১-০০০২) ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পুটখালী সীমান্তের উদ্দেশ্যে জনবল নিয়ে যাচ্ছিল। পথে আমড়াখালি চেকপোস্ট এলাকায় পৌঁছালে শার্শা থেকে বেনাপোলগামী সাইকেল আরোহী রোমানের সঙ্গে ট্রাকটির পিছনের বাম পাশে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।
দূরর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় ট্রাকটি ল্যান্স নায়েক মো. আজগর আলী চালাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




















