কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পীর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১১ এপ্রিল) রাতে দলটির মিডিয়া টিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়। এতে বলা হয়, দুপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাজারে হামলা চালায়। হামলায় মাজারের প্রধান ও পীর শামিম রেজা জাহাঙ্গীর নিহত হন।
এনসিপি জানায়, ধর্ম অবমাননার মতো সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচার করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ আদালত। কিন্তু ‘মব-সহিংসতা’র মাধ্যমে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটিয়ে হামলাকারীরা গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। দলটি দ্রুত হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মব-সহিংসতা স্থানীয় ক্ষমতার ছত্রচ্ছায়া ছাড়া সম্ভব নয়। অতীতেও একই ধরনের ঘটনায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত পীরের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করে দলটি।
এনসিপি অভিযোগ করে, সরকারের পক্ষ থেকে বারবার ‘মব কালচার’ বন্ধের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বরং কিছু ক্ষেত্রে সরকারসমর্থিত গোষ্ঠীর মাধ্যমেও মব-সহিংসতার ঘটনা ঘটছে বলে দাবি করা হয়।
সংগঠনটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানায়— তিনি যেন রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।




















