যশোরে ফেসবুক পেজ ব্যবহার করে আকিজ সিটির নামে ভুয়া অফার দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তি মোস্তাক আহমেদ, তিনি নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া গ্রামের বাসিন্দা এবং ইসমাইল হোসেন মিনার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, যশোরের অভয়নগরে অবস্থিত আকিজ সিটির সুনাম ক্ষুণ্ণ করা এবং সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে একটি সংঘবদ্ধ চক্র ফেসবুকে একটি ভুয়া পেজ খুলে। ওই পেজে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, মাত্র ৩,৫৫০ টাকায় ২৭২ পিসের ডিনার সেট পাওয়া যাবে।
প্রতারকরা নিজেদের আকিজ সিটির কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টে ৫৫০ টাকা করে অগ্রিম নেয়। অর্ডার নিশ্চিত করার নামে তারা গ্রাহকদের নকল অনলাইন ভাউচার প্রদান করে। এভাবে প্রায় ১,০২০ জন গ্রাহকের কাছ থেকে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
ঘটনাটি জানাজানি হলে আকিজ সিটির অ্যাডমিন অফিসার বাদী হয়ে অভয়নগর থানায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ডিবি যশোরের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি দল নড়াইল জেলার কালিয়ায় অভিযান চালিয়ে মোস্তাক আহমেদকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে তার ঘর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
: অনলাইনে অস্বাভাবিক কম দামের প্রলোভনমূলক অফার দেখলে সতর্ক থাকুন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো লেনদেন করবেন না।





















