যশোরের শার্শা উপজেলার কাশিপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিপুর বটতলা এলাকায় ভিকটিমের বাড়ির সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার জলিল ও তার ছেলেদের সঙ্গে তরিকুলের পরিবারের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তরিকুল ইসলামকে বাড়ির সামনে একা পেয়ে আগে থেকে ওত পেতে থাকা সুরুজ আলী, মইন এবং তাদের পিতা জলিল লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা তরিকুলের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর জখম হন এবং তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়।
পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, এই নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে শার্শা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





















