দিনাজপুরের হাকিমপুরে ট্রেন লাইন পার হওয়ার সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাবিরন (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আটাপাড়া বিওপি সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিরন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর জিলাপি পট্টি এলাকার মৃত জামাত আলীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি আটাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮৪/১৯-এস সংলগ্ন রেললাইন অতিক্রম করছিল। এসময় ওই বৃদ্ধা রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়। বার্ধক্যজনিত কারণে কানে কম শোনার ফলে ট্রেনের শব্দ বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় নিহতের পরিবার ও জিলাপি পট্টি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















