যশোর শহরের বেজপাড়া এলাকায় মায়ের ওপর অভিমান করে রুদ্র (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানার অফিস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুদ্র ওই এলাকার সাধন বসুর ছেলে এবং স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলের দিকে রুদ্র তার মায়ের কাছে কিছু টাকা চায়। টাকা না পাওয়ায় সে অভিমান করে নিজ কক্ষে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।।




















