ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় আড়াই থেকে তিন বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিলেন এই তিন বাংলাদেশি। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কাজ করার সময় সেখানকার পুলিশের হাতে তারা আটক হন। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
সাজার মেয়াদ শেষ হওয়ার পর ভারতের একটি এনজিও সংস্থা তাদের নিজেদের হেফাজতে নেয় এবং দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ‘বিশেষ ট্রাভেল পারমিটে’র মাধ্যমে তাদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সকল আনুষ্ঠানিকতা শেষে ৩ বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ জানিয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য একটি বেসরকারি এনজিও সংস্থার (জাস্টিস অ্যান্ড কেয়ার) জিম্মায় দেওয়া হয়েছে। এনজিও সংস্থাটি তাদের আইনি সহায়তা ও পুনর্বাসনের পাশাপাশি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে।
স্বজনদের ফিরে পেয়ে ইমিগ্রেশন এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফিরে আসা বাংলাদেশিরা তাদের এই দীর্ঘ প্রবাস জীবনের মানবেতর কাহিনী তুলে ধরেন এবং দেশে ফিরতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















