যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সংরক্ষিত (৭, ৮ ও ৯ নম্বর) ওয়ার্ডের এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি, মারপিট ও ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সানজিদা বেগম রোববার (৩০ মার্চ) যশোর কোতোয়ালি মডেল থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলাপুর গ্রামের প্রবাসী সোলাইমান হোসেনের স্ত্রী সানজিদা বেগমের কাছে একই গ্রামের ইউপি সদস্য রেশমা বেগম ও তার স্বামী রেজাউল ইসলাম রন্টু দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় শনিবার রাতে রেশমা বেগম, তার স্বামী রন্টু, ছেলে রাকিব হোসেন ও জাহানারা বেগম মিলে সানজিদার বাড়িতে অতর্কিত হামলা চালায়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এ সময় ঘরে থাকা নগদ ৯৫ হাজার টাকা ও প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলার সময় তিনি দ্রুত পুলিশকে ফোন করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযুক্ত ইউপি সদস্য রেশমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি পারিবারিক বিরোধের জের। সানজিদা বেগম মিথ্যা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে নাটক সাজিয়েছেন।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।





















