যশোর শহরের হুশতলা এলাকায় এক গৃহবধূকে (২০) নিজ ঘরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে সংঘটিত এই ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর ও স্বামী ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই নারী তাঁর তিন বছরের সন্তানসহ বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ তাঁর তিন বছরের সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শাশুড়ি ও স্বামী কাজের প্রয়োজনে বাইরে থাকায় বাড়ি জনশূন্য ছিল। এই সুযোগে অভিযুক্ত শ্বশুর নেশাগ্রস্ত অবস্থায় কৌশলে ঘরে প্রবেশ করেন এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। লোকলজ্জা ও প্রাণভয়ে ওই নারী তাৎক্ষণিকভাবে শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
ভুক্তভোগী গৃহবধূর বাবা জানান, ঘটনার পর জামাতাকে ডেকে বিষয়টি জানানো হলে শুরুতে তিনি নিজের বাবার শাস্তির দাবি জানিয়েছিলেন। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার পর থেকেই জামাতার সুর পাল্টে যায়। বর্তমানে শ্বশুর ও স্বামী উভয় মিলে ভুক্তভোগী পরিবারটিকে মামলা তুলে নিতে এবং বিষয়টি ধামাচাপা দিতে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি আরও বলেন, “থানায় অভিযোগ দেওয়ার পর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”





















