যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সাকিব (২৪) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে সুরাডাঙ্গা আমতলা নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।
:
আহত সাকিব যশোর কোতোয়ালি থানার বাহাদুরপুর গ্রামের আখতারুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের জামাত শেষে সাকিব বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সুরাডাঙ্গা আমতলা এলাকায় পৌঁছালে একই এলাকার সিরাজ (৬০) এবং তার তিন ছেলে—বিপ্লব (৩৫), সুমন (৪৫) ও মাসুদসহ (৪০) আরও ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্রের উল্টো পিঠ দিয়ে সাকিবের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
উদ্ধার ও চিকিৎসা:
সাকিবের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত সাকিবের বাবা আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিল। পূর্ব কোনো বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে সাকিবের ওপর এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।




















