যশোর সদর উপজেলার রূপদিয়া সাড়াপোল এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে জখম করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে ভিকটিমের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম সাড়াপোল গ্রামের আকবর গাজীর ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একই এলাকার শাজাহানের ছেলে সাইদুর (৪৫) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রফিকুলের বসতবাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ঘরের ভেতর বসে ইয়াবা সেবন করছিল।
রফিকুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে তাদের ঘরে মাদক সেবন করতে নিষেধ করেন। এতে বিবাদীরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তর্কের একপর্যায়ে তাদের কাছে থাকা ধারালো চাকু দিয়ে রফিকুলকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চিৎকার শুনে রফিকুলের ভাই ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রফিকুলের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। পুলিশ জানায়, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের আটকে অভিযান চালানো হচ্ছে। এলাকায় এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।





















