বাংলাদেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
:
১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সভায় জানানো হয় যে, কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার ঈদ উদযাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেখানেও রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সেই অনুযায়ী আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মুসলিম উম্মাহ।




















