ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে জোরালো পদক্ষেপ নিতে সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ে বিশেষ ড্রাইভ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি এ তথ্য জানান।
তিনি বলেন, চলমান ও পূর্বের ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ ড্রাইভ পরিচালনা করা হবে। এসব অপরাধ দমনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, একাধিক সংস্থা এসব মামলার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের মধ্যে সমন্বয় বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আইনি প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি জেলায় বিশেষ আদালতের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সক্রিয় থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।





















