যশোরের মণিরামপুর বাজারে মুরগি কেনাবেচাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই লোকমান হোসেন (৫০) গুরুতর জখম হয়েছেন। রোববার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে মণিরামপুর মুরগি বাজারের ভেতরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত লোকমান হোসেন উপজেলার জয়নগর গ্রামের মৃত জানআলী ফকিরের ছেলে। তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে বাজারে মুরগি বেচাকেনা নিয়ে লোকমান হোসেনের সাথে তার বড় ভাই ছুরমানের কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে চরম উত্তেজিত হয়ে পড়েন ছুরমান। এসময় তিনি কাছে থাকা চাকু দিয়ে ছোট ভাই লোকমানের পেটের বাম পাশে সজোরে আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় বাজারের ভেতরেই লুটিয়ে পড়েন লোকমান।
আর্তচিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার ও প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই ছুরমান পলাতক রয়েছেন বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




















