বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখকে (৪০) গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। তিনি স্থানীয় উদয়পুর বাজারে ‘মেসার্স শেখ ট্রেডার্স’ নামক একটি স্যানিটারি ও হার্ডওয়্যার প্রতিষ্ঠানের মালিক ছিলেন।:
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে পানের দোকানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি তাৎক্ষণিক সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
:
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যবসায়িক কোনো বিরোধ বা দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
:
উল্লেখ্য, এর আগে গত শনিবার (৭ মার্চ) সোহাগ শেখের দোকানের কর্মচারী নুর ইসলামকে (২৭) উপজেলার কাহালপুর এলাকায় গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে মালিক ও কর্মচারীর ওপর এমন পরপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম:
বাগেরহাটে মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৩১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ৫৩৭
সর্বাধিক পঠিত





















