যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর উপজেলার সুন্দরপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম তৌহিদ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক পিলারের সাথে সজোরে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম তৌহিদ কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। তিনি কেশবপুর পাইকারি মাছ বাজারের সাবেক আড়তদার এবং বর্তমানে মণিরামপুর পাইকারি মাছ বাজারের একজন প্রতিষ্ঠিত চালানি মাছ ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন ভোরেও তৌহিদ মোটরসাইকেলযোগে কেশবপুরের নিজ বাড়ি থেকে মণিরামপুর মাছ বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুন্দরপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের পিলারে সজোরে আঘাত করে। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে, স্থানীয়রা উদ্ধারের জন্য এগিয়ে আসার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তৌহিদের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। বিশেষ করে মণিরামপুর ও কেশবপুর এলাকার মাছ ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্যবসায়ীরা একজন দক্ষ ও সজ্জন সহকর্মীকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছেন।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।





















