যশোরে একটি আলোচিত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং মামলার বাদী ও তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) মামলার বাদী মো. আব্দুর রহমান এবং একই রাতে ডিবির সাবেক উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলামের স্ত্রী আবিদ আরা পারভীন জিডিগুলো করেন।
জিডিতে অভিযুক্ত করা হয়েছে যশোর সদরের বাদিয়াটোলা গ্রামের হাসানুজ্জামান হাসান, তারেক হোসেন, নাটোরের নলডাঙ্গার আজিজুর রহমান রতন এবং যশোর শহরের শিক্ষক মো. মাহমুদ ইসলাম মামুনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে।
:
২০২৪ সালের ৯ আগস্ট কুয়েতপ্রবাসী বিএনপি কর্মী মেহের আলীকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। নিহতের ভাই আব্দুর রহমানের করা মামলায় তদন্তের দায়িত্বে ছিলেন তৎকালীন ডিবি এসআই মফিজুল ইসলাম। তদন্তে তারেক হোসেন নামের এক অভিযুক্তকে গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অভিযোগ রয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে অভিযুক্তরা বাদী ও তদন্ত কর্মকর্তার পরিবারকে ধারাবাহিকভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
:
বাদী আব্দুর রহমান ও এসআই মফিজুলের স্ত্রীর জিডি থেকে জানা যায়, অভিযুক্ত আজিজুর রহমান রতন বর্তমানে বিদেশে অবস্থান করলেও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে এসআই মফিজুলকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। গত ৬ মার্চ রতন দেশে ফিরে তারেক ও মামুনসহ সঙ্গীদের নিয়ে গোপন বৈঠক করে বাদী ও সাক্ষীদের ক্ষতি করার পরিকল্পনা করেন। এছাড়া অভিযুক্তরা নিয়মিত তদন্ত কর্মকর্তার পরিবারের গতিবিধি নজরদারি করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
উল্লেখ্য, অভিযুক্ত রতন ২০১৭ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে তিনি পলাতক আসামি।
:
বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে হত্যা মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৩৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- ৫২৭
সর্বাধিক পঠিত





















