যশোর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান ও একটি ককটেলসহ রবিউল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১১ মার্চ) রাতে শহরের উপশহর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ‘বন্ধু আবাসিক হোটেল’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ভাতঘরা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই হোটেলে অভিযান চালায়। রাত সাড়ে ১১টার দিকে হোটেলের একটি কক্ষ তল্লাশি করে রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান এবং একটি ককটেল উদ্ধার করা হয়।
:
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম তালিকাভুক্ত অপরাধী এবং তার বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





















