যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামালসহ রায়হান (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) বেনাপোল বিওপি, আইসিপি চেকপোস্ট এবং আন্দুলিয়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত রায়হান ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হাটযাদবপুর এলাকার বেতবাড়িয়া গ্রামের মোস্তফার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫ কেজি ভারতীয় গাঁজা, ১৬১ বোতল নেশাজাতীয় সিরাপ, ৫২৪টি বিভিন্ন ধরনের ওষুধ, ১৩১টি শাড়ি, ৪টি কম্বল, ৫টি পোশাক সামগ্রী, ১ হাজার ২৫৩টি কসমেটিকস, ১০০টি চকলেট, ১টি মোবাইল ফোন এবং ১টি পাওয়ার ব্যাংক। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান জিরো টলারেন্সে নামিয়ে আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের মাধ্যমে এই বিপুল পরিমাণ মালামাল ও আসামিকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও নিশ্চিত করেন যে, দেশের অর্থনীতি ও যুবসমাজকে রক্ষা করতে সীমান্ত পথে মাদক ও অবৈধ পণ্যের প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামিকে মাদক ও চোরাচালান বিরোধী আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।





















