আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে আবারও যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫ (F-15) যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি নির্ভরযোগ্য সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের নিখুঁত নিশানায় মার্কিন যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত ও বিধ্বস্ত হয়। এর আগে গত সোমবার ইরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দাবি করেছিল, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আরও তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এই দাবি করল তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং চালকদের প্যারাসুটযোগে অবতরণের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবার ভোরে ইরান ও কুয়েত সীমান্ত সংলগ্ন আকাশসীমায় প্রথম এফ-১৫ বিমানটিকে গুলি করে নামানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভূপাতিত হওয়ার পর মার্কিন বিমানটি কুয়েতের ভূখণ্ডের ভেতরে আছড়ে পড়েছে। তবে এই বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





















