যশোরের মণিরামপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিজের জন্মদাতার ওপর ক্ষোভ থেকে আপন ছেলে আল আমিন হোসেন এই অগ্নিসংযোগ ঘটিয়েছেন। সোমবার (০২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের জালঝাড়া বউবাজার গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মহসিন আলীর ছেলে আল আমিনের সঙ্গে তার বাবা ও দাদার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। আল আমিনের দাদা আব্দুস সামাদ খাঁ-এর জমিতে লাগানো কিছু গাছ বিক্রি করার জন্য আল আমিন বাবা ও দাদাকে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু তারা গাছ বিক্রিতে রাজি না হওয়ায় ক্ষোভে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় আল আমিন উত্তেজিত হয়ে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই বসতবাড়ির একটি অংশ ভস্মীভূত হয়েছে। যে ঘরে আল আমিন ও তার পরিবারের প্রথম সংসার শুরু হয়েছিল, সেই স্মৃতিবিজড়িত ঘরটি পুড়ে যাওয়ায় ভেঙে পড়েছেন বাবা মহসিন আলী। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে জানান, যে ঘরে পরম যত্নে সন্তানকে বড় করেছেন, সেই ঘরেই ছেলে আগুন দেবে—তা তিনি কল্পনাও করতে পারেননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মণিরামপুর স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মাদ সাফায়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার সাথে সাথেই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্ত আল আমিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।




















