যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শহিদুল ইসলাম (৪০) গুরুতর জখম হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে ভেকুটিয়া গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলাম ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আহম্মদ আলী (৩০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। আজ সকালে সেই বিরোধ চরমে পৌঁছালে শহিদুলের সঙ্গে তার ছোট ভাই আহম্মদ আলীর তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আহম্মদ আলী চরম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছুরি এনে বড় ভাই শহিদুলের পেটের বাম পাশে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শহিদুলের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।





















