ঢাকা রাজধানী ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক শিশু ও কিশোরী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করে দিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, “এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করছি। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করতে চাওয়ার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কীভাবে দেখাতে পারে?”
শিশু তাহিয়া হত্যার প্রসঙ্গ টেনে জামায়াত আমির প্রশ্ন তোলেন, “কার বা কাদের ইশারায় একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো? কারা এখন সেই মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে? এরা কারা এবং তাদের উদ্দেশ্য কী— জনগণের কাছে আজ তা স্পষ্ট।”
তিনি কঠোর ভাষায় বলেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।
বিরোধীদলীয় নেতা তার পোস্টে সুষ্পষ্টভাবে জানান যে, ইনসাফের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য তিনি রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
পোস্টের শেষাংশে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অঙ্গীকার করেন যে, দেশের সব মজলুম মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা সর্বদা শামিল থাকবেন।





















