নিজস্ব প্রতিবেদক, বেনাপোল
যশোরের বেনাপোল বাজারের শতবর্ষী ও ঐতিহ্যবাহী ‘বলফিল্ড’ মাঠকে ঈদগাহ ময়দানে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বেনাপোল ক্রীড়া সংস্থার (NKS) যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বলফিল্ড মাঠটি বেনাপোলের ক্রীড়া ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। যুগের পর যুগ ধরে এখানে স্থানীয় খেলোয়াড়রা অনুশীলন করছেন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। মাঠটি ঈদগাহে রূপান্তর করা হলে এলাকার ক্রীড়া ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে। বক্তারা মাঠের আদি রূপ বজায় রেখে অন্য কোনো সুবিধাজনক স্থানে বিকল্প ঈদগাহ নির্মাণের প্রস্তাব দেন।
সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন: মোঃ মোস্তাফিজজোহা সেলিম, আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদল।
মোঃ মফিজুর রহমান বাবু, আহ্বায়ক, বেনাপোল পৌর যুবদল। মোঃ রাহানুজ্জামান দিপু, সদস্য সচিব, বেনাপোল পৌর যুবদল। মীর আলম, যুগ্ম আহ্বায়ক, বেনাপোল পৌর যুবদল।মোঃ আরিফুজ্জামান আরিফ, আহ্বায়ক, বেনাপোল পৌর ছাত্রদল।
এছাড়াও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাঠের অস্তিত্ব রক্ষায় বেনাপোলের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। ক্রীড়া কার্যক্রম সচল রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




















