যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মফিজুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ এবং তাসিন (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত মফিজুর রহমান ঝুমঝুমপুর এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে এবং কিশোর তাসিন একই এলাকার জাহিদুলের ছেলে। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে মফিজুর রহমানের সাথে একই এলাকার আনিসুর (৬৫) ও তার ছেলে কিপায়েতের (২২) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। শনিবার রাতে এই বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে আনিসুর ও কিপায়েত দেশীয় অস্ত্র ‘দা’ ও লাঠিসোটা নিয়ে মফিজুর রহমানের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা বৃদ্ধ মফিজুর ও কিশোর তাসিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে:
আহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকদের মতে তারা আশঙ্কামুক্ত।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।





















