পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের তথ্যমতে, খাইবার পাখতুনখোয়ার শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। শাংলায় ইফতারের ঠিক আগ মুহূর্তে ভূকম্পন শুরু হলে রোজাদারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল। বিশেষজ্ঞরা জানান, ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে দেশটির অবস্থান হওয়ায় এখানে ভূকম্পনের ঝুঁকি সব সময়ই বেশি থাকে। হিন্দুকুশ অঞ্চলে প্লেটের নড়াচড়ার ফলে সৃষ্ট শক্তি প্রায়ই এই অঞ্চলে বড় ধরনের কম্পন তৈরি করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গম এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির কোনো খবর আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।





















