(যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় আব্দুল আলীম (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মণিরামপুর পৌর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মাইক্রোবাস মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলীম উপজেলার পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
:
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে কাজের সন্ধানে মণিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল আলীম। পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগতির পিকআপ তাঁর বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়লে ঘাতক পিকআপটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলীমের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সকালের নিরিবিলি সড়কে এমন আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘাতক পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





















