যশোরের শার্শা উপজেলার লাউতরা এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইয়ার আলী (২৭) নামে এক বাইসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহত ইয়ার আলী বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ইয়ার আলী বাইসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ধলদার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শার্শা থানাধীন লাউতারা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন:
“আহত যুবকের শরীরে বেশ কিছু আঘাত রয়েছে, তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।”
এদিকে দিনের বেলা জনবহুল এলাকায় ট্রাকের বেপরোয়া গতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশি তৎপরতার দাবি জানিয়েছেন এলাকাবাসী।





















