নিজস্ব প্রতিবেদক | যশোর এক নতুন ভোরের অপেক্ষায় যশোরবাসী। যশোর-৩ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত দেশের নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন অনিন্দ্য ইসলাম অমিত। সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্য সংসদ সদস্যদের সাথে তিনিও শপথ বাক্য পাঠ করেন। এরপর বিকেলেই তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
অনিন্দ্য ইসলাম অমিত মন্ত্রী হতে যাচ্ছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, যশোর থেকে একজন তরুণ ও উচ্চশিক্ষিত নেতা মন্ত্রিসভায় স্থান পাওয়ায় এ অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ননতুন
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ও গতিশীল নেতৃত্বের অধিকারী অমিতকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া একটি সময়োপযোগী সিদ্ধান্ত। দেশের পর্যটন খাতকে বৈশ্বিক মানে উন্নীত করা এবং বিমান খাতে সংস্কার আনার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যশোরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন ও যশোর বিমানবন্দরের আধুনিকায়নে তিনি বিশেষ নজর দেবেন—এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।
বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে।





















