যশোর শহরের নিউ মার্কেট খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল্লাহ (২৫) নামে এক বাস সুপারভাইজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীর সাবেক স্বামী এই নৃশংস হামলা চালিয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে জনাকীর্ণ বাসস্ট্যান্ড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ মাগুরা জেলার নিজ নান্দুয়ালী গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি যশোর-মাগুরা রুটের একটি লোকাল বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত।:
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল্লাহ সম্প্রতি দ্বিতীয় বিবাহ করেন। এই বিয়েটি মেনে নিতে পারেননি তার দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী মুজাহিদ (২৭)। আজ সকালে আব্দুল্লাহ খাজুরা বাসস্ট্যান্ডে ডিউটিরত অবস্থায় একা থাকাকালীন মুজাহিদ অতর্কিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এসময় হাতে থাকা হাতুড়ি দিয়ে আব্দুল্লাহর মাথায় উপর্যুপরি আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।:
হামলার পর সহকর্মী ও স্থানীয়রা মুজাহিদকে ধরার চেষ্টা করলে তিনি দ্রুত পালিয়ে যান। পরে সহকর্মীরা আব্দুল্লাহকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার চিকিৎসা চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত মুজাহিদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















